হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনায় মামলা করেছে জাতীয় নাগরিক পার্টি।
বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯টায় বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ক্যাম্পে এই মামলা দায়ের করা হয়। মামলায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ এবং আরও ১০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মামলাটি করেন হবিগঞ্জ জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপিসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এনসিপির অভিযোগ, বুধবার বিকেলে পদযাত্রা শেষে ফেরার পথে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের গাড়িবহরে হামলা করে। এতে সারজিস আলমসহ অন্তত ১৫ জন আহত হন। এর আগে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ যাওয়ার পথে প্রায় ৫ ঘণ্টা পুলিশের ৪টি ব্যারিকেডের মুখে পড়েন তারা।
এনসিপির মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, হামলার সময় ২০ লাখ টাকার ল্যাপটপ ও যন্ত্রপাতি, ৫ লাখ টাকা নগদ ছিনিয়ে নেওয়া হয় এবং ৫০ লাখ টাকার একটি গাড়ি ভাঙচুর করা হয়।
মামলায় প্রধান আসামি করা হয়েছে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনকে এবং দ্বিতীয় আসামি বৃন্দাবন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান রিয়াজকে।
এদিকে অভিযোগ অস্বীকার করে ছাত্রদল সভাপতি রিংগন বলেন, এটি একটি মিথ্যা মামলা। হাসিনার আমলেও আমাকে অনেক মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। তিনি দাবি করেন, তিনিও জুলাই আন্দোলনের সামনের সারির যোদ্ধা। তার ভাষ্য, এই মামলাই প্রমাণ করে ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে তাদের কোনো পার্থক্য নেই।