প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে বড় বোন হারিয়ে হাসতে ভুলে যাওয়া সেই তাহসিন।

বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাবা নাজমুল হককে নিয়ে সৌজন্য সাক্ষাৎ করে সে। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির এ তথ্য জানান।

গত ২৭ জুলাই আর্মি স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’ এর সমাপনীতে প্রধানমন্ত্রীর দিকে দু-হাত বাড়িয়ে তাহসিনের হাসির ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেই কিশোর তাহসিন আবদুল্লাহ।

 

জানা যায়, ২০২৫ সালের জুলাইয়ে উত্তরার মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় তাহসিন তার বড় বোন তাসনিয়াকে হারায়। তাহসিন তখন ষষ্ঠ শ্রেণিতে, তাসনিয়া অষ্টম শ্রেণিতে পড়ত। বিমানটি তাসনিয়াদের ভবনে আছড়ে পড়ে। সেদিন ছোট্ট তাহসিন স্যালাইন-পানির বোতল হাতে বোনের জন্য অপেক্ষা করেছিল, কিন্তু বোন আর ফেরেনি। এরপর থেকেই বদলে যায় তাহসিন। এক হিলিং সেশনে সে লিখেছিল, ‘আমার কষ্ট অনেক। আমি আমার প্রিয় বোনকে হারিয়েছি।’

২৭ জুলাই স্টেডিয়ামে প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবারও প্রাণখুলে হাসে সে। ছবিটি ভাইরাল হলে প্রধানমন্ত্রীর নজরে আসে এবং তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে খোঁজ নিতে বলেন।

সাক্ষাতে প্রধানমন্ত্রী তাহসিনের পড়াশোনার খোঁজ নেন। বর্তমানে সপ্তম শ্রেণিতে পড়া তাহসিন জানায়, সে বড় হয়ে সফল ব্যবসায়ী হতে চায় এবং মানুষের উপকারে আসতে চায়। প্রধানমন্ত্রী তার স্বপ্নের প্রশংসা করেন এবং মন দিয়ে পড়াশোনা ও খেলাধুলার পরামর্শ দেন।

তাহসিনের শখ ফুটবল খেলা জানতে পেরে প্রধানমন্ত্রী তাকে স্বাক্ষর করা একটি বাস্কেটবল ও ড্রোনসেট উপহার দেন। সাক্ষাৎ শেষে উচ্ছ্বসিত তাহসিন বলে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হওয়াটা তার জন্য বড় সারপ্রাইজ ছিল। স্কুলে বন্ধুদের এই গল্প শোনানোর জন্য সে অধীর আগ্রহে অপেক্ষা করছে। এ সময় প্রধানমন্ত্রী তাহসিনের বাবার প্রতি গভীর সমবেদনা জানান।