যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান হিসেবে নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের অ্যাটর্নি এবং সাবেক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান জে ক্লেটনকে অনুমোদন দিয়েছে সিনেট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মনোনয়ন বিলম্বিত করার কয়েক সপ্তাহ পর স্থায়ী পরিচালক হিসেবে তার নিয়োগ চূড়ান্ত হলো।
বুধবার (২৯ জুলাই) মার্কিন বার্তা সংস্থা এপির এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের অ্যাটর্নি এবং সাবেক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান জে ক্লেটন দলীয় লাইনে ৫১-৪৭ ভোটে অনুমোদন পান।
রিপাবলিকানরা প্রথমে জুনেই ক্লেটনের অনুমোদন সম্পন্ন করতে চেয়েছিলেন। তবে, সাবেক পরিচালক তুলসি গ্যাবার্ডের পদত্যাগের পর সাময়িকভাবে দায়িত্ব পাওয়া বিল পুল্টেকে কয়েক সপ্তাহ কাজ করার সুযোগ দিতে শুনানি পিছিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
আবাসন খাতের সাবেক নিয়ন্ত্রক বিল পুল্টের গোয়েন্দা সংক্রান্ত কোনও অভিজ্ঞতা না থাকায় দুই দলের সিনেটররাই উদ্বেগ প্রকাশ করেছিলেন।
চলতি মাসের শুরুতে পুল্টের দায়িত্বকালেই হোয়াইট হাউস থেকে দেওয়া এক ভাষণে ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে পরাজয় নিয়ে তার আগের দাবিগুলো পুনর্ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি কিছু গোপন নথি প্রকাশ করেন, যা তার দাবি সমর্থন করে বলে উল্লেখ করেছিলেন।
ডেমোক্র্যাটরাও ক্লেটনের মনোনয়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। দুই সপ্তাহ আগে অনুষ্ঠিত বিতর্কিত শুনানিতে তিনি বারবার ২০২০ সালের নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের জয়ের বিষয়টি স্বীকার করতে অস্বীকৃতি জানান, যার ফলে দ্বিদলীয় সমর্থন হারান তিনি।
সিনেটের গোয়েন্দা কমিটিতে শীর্ষ ডেমোক্র্যাট ভার্জিনিয়ার সিনেটর মার্ক ওয়ার্নার শুনানি শেষে বলেন, শুরুতে তিনি ক্লেটনের মনোনয়নের প্রশংসা করলেও পরে তার অবস্থানে ‘গভীরভাবে হতাশ’ হয়েছেন।
ওয়ার্নার জানান, তিনি ক্লেটনের মনোনয়নের বিরোধিতা করবেন। তবে একইসঙ্গে তিনি স্বীকার করেন, পুল্টে ওই পদে থাকায় ডেমোক্র্যাটরা ‘কঠিন পরিস্থিতিতে’ ছিলেন।
ভোটাভুটির পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লেটনের প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প লিখেন, জে সবদিক থেকেই অসাধারণ এবং পরিচালক হিসেবে দারুণ কাজ করবেন।