বিশ্বকাপ ফুটবল থেকে বিদায়ের বিষাদ কাটিয়ে এবার নতুন এক চমক নিয়ে বিনোদনজগতে নামছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। বিখ্যাত ‘কিংসম্যান’ খ্যাত চলচ্চিত্র নির্মাতা ম্যাথিউ ভন এবং ‘হোমল্যান্ড’ খ্যাত ব্রিটিশ অভিনেতা ড্যামিয়ান লুইসের সঙ্গে জুটি বেঁধে নিজের ক্যারিয়ারের প্রথম টিভি ড্রামা সিরিজ প্রযোজনা ও অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন এই পর্তুগিজ সুপারস্টার।
ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য সান’-এর এক বিশেষ প্রতিবেদনে জানা গেছে, যুক্তরাজ্যের ফুটবল এজেন্টদের পর্দার পেছনের জীবনের ওপর নির্মিত এই ড্রামা সিরিজে রোনালদোর পাশাপাশি বেশ কয়েকজন বিশ্বখ্যাত ক্রীড়াবিদ ও বিনোদনজগতের তারকাদেরও অভিনয় করতে দেখা যাবে।
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ইতিমধ্যেই শুরু হয়েছে সিরিজটির চিত্রগ্রহণের কাজ।
ফুটবল এজেন্ট ড্যারেন ডেইনের একটি মূল ভাবনার ওপর ভিত্তি করে তৈরি হতে যাওয়া এই ড্রামা সিরিজটির নাম রাখা হয়েছে ‘ডে ওয়ানস’। সিরিজটির গল্প আবর্তিত হয়েছে ‘স্ট্যানলি ডাল্টন’ নামের এক কাল্পনিক ফুটবল এজেন্টকে কেন্দ্র করে। এই কাল্পনিক চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা ড্যামিয়ান লুইস। এ ছাড়াও প্রতিবেদন অনুযায়ী, ফরাসি ফুটবল কিংবদন্তি থিয়েরি অঁরি এবং বিখ্যাত ব্রিটিশ র্যাপার ডেভ এই সিরিজে অতিথি শিল্পী বা বিশেষ চরিত্রে হাজির হবেন।
সাম্প্রতিক সময়ে ব্রাজিলের গ্লোবো চ্যানেলের জন্য নির্মিত ‘দ্য প্লেঅফস’ নামের একটি ফুটবল এজেন্টভিত্তিক ড্রামা সিরিজের সঙ্গেই এই উদ্যোগের তুলনা করা হচ্ছে, যেখানে অভিনয় করেছিলেন কাউয়া রেমন্ড।
এই ড্রামা সিরিজে ক্রিশ্চিয়ানো রোনালদো কেবল অভিনয়ই করবেন না, বরং নির্বাহী প্রযোজক (এক্সিকিউটিভ প্রডিউসার) হিসেবেও দায়িত্ব সামলাবেন। ‘ডে ওয়ানস’ প্রকল্পটি মূলত গত বছর আত্মপ্রকাশ করা রোনালদো ও ম্যাথিউ ভনের যৌথ প্রযোজনা সংস্থা ‘ইউআর•মার্ভ স্টুডিওস’-এর অধীনে নির্মিত প্রথম বড় কোনো অফিশিয়াল কাজ। চলচ্চিত্র নির্মাতা ম্যাথিউ ভনের মূল প্রতিষ্ঠান ‘মার্ভ স্টুডিওস’-এর সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে গঠিত এই যৌথ উদ্যোগটি নিজস্ব অর্থায়নে তৈরি করছে নতুন এই সিরিজটি।
এর আগে এই যৌথ প্রযোজনা সংস্থা দুটি ক্রীড়াভিত্তিক চলচ্চিত্র নির্মাণ সম্পন্ন করেছে এবং প্রযুক্তি ও ঐতিহ্যকে সঙ্গে নিয়ে সামনের দিকে এগোচ্ছে। বিশ্বখ্যাত পরিচালক ম্যাথিউ ভন এর আগে ‘লক, স্টক অ্যান্ড টু স্মোকিং ব্যারেলস’, ‘লেয়ার কেক’ এবং ‘এক্স-মেন: ফার্স্ট ক্লাস’-এর মতো তুমুল জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন।
বর্তমানে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি আরবের পেশাদার ক্লাব আল-নাসরের হয়ে মাঠ মাতালেও ফুটবল ক্যারিয়ারের ইতি টানার পরবর্তী সময়ের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপে তার দল পর্তুগাল শেষ ষোলোর লড়াইয়ে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়া স্পেনের কাছে হেরে বিদায় নেয়, যা রোনালদোর বর্ণাঢ্য বিশ্বকাপ ক্যারিয়ারেরও ইতি টেনেছিল। নিজ ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে অবিস্মরণীয় সব ট্রফি ও রেকর্ড গড়েছেন এই ফুটবল মহানায়ক।
তবে নতুন এই ড্রামা সিরিজ ও তাতে নিজের যুক্ত থাকার বিষয়ে জানতে রোনালদো, ম্যাথিউ ভন ও ড্যামিয়ান লুইসের প্রতিনিধিদের সঙ্গে ডেডলাইনের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: ডেডলাইন