ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করেছে সরকার। একই সঙ্গে নির্ধারিত কয়েকটি শর্ত মেনে হাসপাতালটির কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।
প্রজ্ঞাপনে বলা হয়, গত ১৫ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় থেকে জারি করা নির্দেশনায় হাসপাতালটির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তে গঠিত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। তদন্ত কমিটির প্রতিবেদন সন্তোষজনক বিবেচিত হওয়ায় এবং নির্ধারিত শর্ত পূরণের ভিত্তিতে লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করা হয়েছে।
সরকার হাসপাতালটির জন্য কয়েকটি শর্তও নির্ধারণ করেছে। এর মধ্যে রয়েছে, The Medical Practice and Private Clinics and Laboratories (Regulation) Ordinance, 1982-এর বিধান যথাযথভাবে প্রতিপালন এবং লাইসেন্সের শর্ত অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগ সম্পন্ন করা।
প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, নির্ধারিত শর্ত প্রতিপালনে ব্যর্থ হলে সরকার বা ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ হাসপাতালটির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
গত ২৭ মে রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু হয়। ওই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় গত ১১ জুন আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়। ওইদিন বিকেলে এক সংবাদ সম্মেলনে লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।