বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর এবং ভারতীয় তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়ালের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হওয়ার পর থেকেই নেটপাড়ায় নতুন প্রেমের গুঞ্জন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টের একটি ক্যাফেতে দুই তারকাকে একই স্থানে দেখা যাওয়ার পর থেকেই তাদের নিয়ে জল্পনা শুরু হয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনরা তাদের সম্ভাব্য নতুন জুটি হিসেবে ধরে নিয়ে নানান মন্তব্য করছেন।
ছড়িয়ে পড়া ক্লিপটিতে দেখা যায়, ক্রিকেটার যশস্বী জয়সওয়াল ক্যাফে থেকে বের হয়ে হেঁটে যাচ্ছেন এবং ঠিক সেই সময় ম্রুণাল ঠাকুর ক্যাফের ভেতরেই অবস্থান করছিলেন।
ফুটেজে দুজনের মধ্যে কোনো সরাসরি কথোপকথন বা কোনো রোমান্টিক মুহূর্তে তাদের একসঙ্গে দেখা যায়নি। তা সত্ত্বেও, অনুরাগী ও বিভিন্ন ফ্যান পেজ থেকে এই ভিডিওটি শেয়ার করে তাদের মধ্যে কোনো সম্পর্ক গড়ে উঠেছে কি না তা নিয়ে জোর আলোচনা শুরু করা হয়, যা মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
এখানেই শেষ নয়, দুই তারকার বয়সের ফারাক নিয়েও শুরু হয়েছে নানা কাটাছেঁড়া। বর্তমানে ম্রুণালের বয়স ৩৩ এবং যশস্বীর ২৪।
তাদের এই ৯ বছরের বয়সের ব্যবধান নিয়ে কটাক্ষ ও চর্চা করতে ছাড়েনি নেটিজেনদের এক দল।
তবে ম্রুণাল ঠাকুর কিংবা যশস্বী জয়সওয়াল—দুই তারকার কারোর পক্ষ থেকেই এই গুঞ্জনের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সত্যতা বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তারা কি সত্যিই ডেটে গিয়েছিলেন, নাকি এটি নিছকই একটি কাকতালীয় ঘটনা, সে বিষয়ে উভয় তারকার কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
ক্রিকেট এবং বিনোদনজগতের এই দুই ব্যক্তিত্বই বর্তমানে নিজ নিজ ক্ষেত্রে বেশ সফল।
২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই বাঁহাতি ওপেনার যশস্বী জয়সওয়াল ভারতীয় দলের অন্যতম সম্ভাবনাময় তরুণ ক্রিকেটার হিসেবে আত্মপ্রকাশ করেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালসের হয়ে খেলা এই তরুণ তুর্কি সম্প্রতি আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজে অপরাজিত একটি দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে নজর কেড়েছেন।
অন্যদিকে, অভিনেত্রী ম্রুণাল ঠাকুরকে সম্প্রতি ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ চলচ্চিত্রে দেখা গেছে, যেখানে তার সঙ্গে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান এবং পূজা হেগড়ে। রোমান্টিক কমেডি ঘরানার এই ছবিতে জাস আহুজা (বরুণ ধাওয়ান) এবং তার স্ত্রী বাণী (ম্রুণাল ঠাকুর)-এর পাঁচ বছরের সংসার ভাঙনের গল্প ফুটে উঠেছে, যেখানে জাস সংসার শুরু করতে চায় এবং বাণী নিজের ক্যারিয়ারে মনোযোগ দিতে চায়। পরবর্তীতে তাদের বিচ্ছেদ, লন্ডনে প্রীতের (পূজা হেগড়ে) সঙ্গে জাসের নতুন সম্পর্ক এবং বাণীর আচমকা ফিরে আসার গল্প নিয়েই নির্মিত হয়েছে চলচ্চিত্রটি।
অবশ্য বলিউড আর ক্রিকেটের মেলবন্ধন নতুন কিছু নয়। মনসুর আলি খান পাতৌদি-শর্মিলা ঠাকুর থেকে শুরু করে বিরাট কোহলি-আনুশকা শর্মা—রুপালি পর্দা আর ক্রিকেট পিচের এই রসায়ন বারবার খবরের শিরোনামে এসেছে। এবার সেই চর্চায় যুক্ত হলো নতুন দুটি নাম—বলিউড ও দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী ম্রুণাল ঠাকুর এবং ভারতীয় ক্রিকেট দলের উদীয়মান তারা যশস্বী জয়সওয়াল।
সূত্র: এনডিটিভি