রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে আগামীকাল মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান নির্বাচন কমিশন (ইসি) এ এম এম নাসির উদ্দিন। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা এবং নির্বাচন আয়োজনের পরবর্তী আনুষ্ঠানিক প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে।

সোমবার (২৭ জুলাই) বিকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৈঠকে নির্বাচন কমিশনাররা এবং ইসি সচিবালয়ের সিনিয়র সচিবও উপস্থিত থাকবেন।

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে সংসদ সচিবালয়ে চিঠি পাঠায় নির্বাচন কমিশন। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই পদত্যাগ করায় রাষ্ট্রপতির পদটি শূন্য হয়েছে। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে।

চিঠিতে আরও বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী তফসিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে আলোচনা করতে হবে। ওই আলোচনার পর সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারি করে নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

ইসি জানিয়েছে, বৈঠকে সিইসির সঙ্গে চারজন নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদে উপস্থিত থাকবেন। সহযোগী কর্মকর্তা হিসেবে ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন এবং সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলমও উপস্থিত থাকবেন।