সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। আজ রবিবার সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান তিনি।

শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এরপর সকাল ১১টা‌ ৪৫ মিনিটে তিনি জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করেন।

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের কথা রয়েছে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির।

স্বাস্থ্যগত কারণ দেখিয়ে ২৪ জুলাই মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

দায়িত্ব নেওয়ার পর তিনি জানিয়েছেন, রাষ্ট্রপতির কার্যালয় বঙ্গভবনে অফিস করলেও তিনি সংসদ ভবন এলাকায় স্পিকারের বাসভবনেই অবস্থান করবেন।

সাবেক রাষ্ট্রপতি আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সদ্যোবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন একজন সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী সব সুবিধা পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, ‘রাষ্ট্রপতি স্বৈরাচারের শেষ দিকে, অন্তর্বর্তী সরকারের সময় এবং বর্তমান সরকারের এই সময়টুকু সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন।

বিধি-বিধান অনুযায়ী করেছেন। আমরা রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি।’

আজ রবিবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

রাষ্ট্রপতি পদত্যাগের পর তার বিরুদ্ধে কিছু অভিযোগ তুলেছেন জামায়াত-এনসিপি নেতারা।

তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘আমরা আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য ওখানে নেই।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সময়টায় সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড এবং ইমিউনিটি আছে। ফৌজদারি অপরাধ বা অন্য বিষয়ে আদালতে তার (রাষ্ট্রপতির) বিরুদ্ধে মামলা করা যায় না।’

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুযোগ পাবেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিধি অনুযায়ী তিনি (সদ্যোবিদায়ি রাষ্ট্রপতি) সব সুযোগ পাবেন।

প্রটেকশনের ৬ মাসের বিধান আছে, এ ছাড়া পুলিশ এবং অন্য সংস্থার পক্ষ থেকে তার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে।’

স্বাস্থ্যগত কারণ দেখিয়ে ২৪ জুলাই মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।