হলিউডের খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক চাক রাসেল আর নেই। ‘দ্য মাস্ক’ ও ‘এ নাইটমেয়ার অন এলম স্ট্রিট ৩: ড্রিম ওয়ারিয়র্স’-এর নির্মাতা এই কিংবদন্তি পরিচালক ৭৪ বছর বয়সে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অসুস্থ অবস্থায় তাকে উদ্ধারে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার ডিপার্টমেন্ট। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি মারা যান।

চাক রাসেল কর্মজীবন শুরু করেছিলেন স্বাধীন ধারার চলচ্চিত্রে সহকারী পরিচালক ও প্রোডাকশন ম্যানেজার হিসেবে। পরে ‘এ নাইটমেয়ার অন এলম স্ট্রিট ৩’ পরিচালনার মাধ্যমে আলোচনায় আসেন। তবে ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য মাস্ক’ তাকে বিশ্বব্যাপী খ্যাতি এনে দেয়। এই চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় ক্যামেরন ডিয়াজের, আর জিম ক্যারির ক্যারিয়ার পৌঁছে যায় নতুন উচ্চতায়।

ভিজ্যুয়াল ইফেক্টসের জন্য ছবিটি অস্কার মনোনয়নও পেয়েছিল।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জিম ক্যারি। এক বিবৃতিতে তিনি বলেন, চাক রাসেলের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া ছিল তার জীবনের অন্যতম সৌভাগ্যের বিষয়। ‘দ্য মাস্ক’-এর শুটিং সেটে তিনি সবসময় বন্ধুত্বপূর্ণ ও ইতিবাচক পরিবেশ তৈরি করে রাখতেন, যা পুরো ইউনিটকে অনুপ্রাণিত করত।

চাক রাসেলের পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে আর্নল্ড শোয়ার্জনেগার অভিনীত ‘ইরেজার’, ডোয়েন ‘দ্য রক’ জনসন অভিনীত ‘দ্য স্করপিয়ন কিং’, ভারতীয় অভিনেতা বিদ্যুৎ জামওয়াল অভিনীত ‘জংলি’ এবং ব্রুস উইলিস ও জন ট্রাভোল্টার ‘প্যারাডাইস সিটি’।

২০২৪ সালে তিনি ‘উইচবোর্ড’-এর রিমেক নির্মাণের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠান ‘নিউমর্ফিক’-এর মাধ্যমে নতুন প্রকল্প শুরুর ঘোষণা দিয়েছিলেন।