ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্য করে তুমুল আলোচনায় ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাখি সাওয়ান্ত।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায়, মেলোনির একটি ভিডিও পোস্টের কমেন্ট বক্সে রাখি লিখেছেন, “দয়া করে আপনার প্রেমিককে পদত্যাগ করতে বলুন। দয়া করে তাকে পদত্যাগ করতে বলুন।” রাখির এই মন্তব্যের পরই পোস্টটিতে হাজার হাজার মন্তব্য পড়তে থাকে।

রিয়েল বিকাশ প্রজাপতি নামে একজন লিখেছেন, “দয়া করে মোদিজিকে পদত্যাগ করতে বলুন। আপনার কথা তিনি অবশ্যই শুনবেন।” অর্পিতা যাদব নামে আরেকজন লিখেছেন, “আপনার মানুষটিকে একটু বুঝিয়ে বলুন। আমাদের জীবন দুর্বিষহ হয়ে গেছে।” দেবাংশ নামে আরেকজন লেখেন, “আপনার প্রেমিককে বলুন, শিক্ষার্থীদের কথা শুনতে।” এভাবে অনেকেই রসিকতার ছলে মেলোনির কাছে মোদির পদত্যাগের অনুরোধ জানাচ্ছেন।

এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে মোদি ও মেলোনির আন্তরিক উপস্থিতি এবং দুই দেশের কৌশলগত অংশীদারত্ব নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। সেই প্রেক্ষাপট ধরেই অনেকে মজা করে মেলোনিকে মোদির ‘প্রেমিক’ বলে উল্লেখ করছেন।
এদিকে, মেডিকেল ভর্তি পরীক্ষা নিট-এর প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে প্রায় এক মাস ধরে দিল্লিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে তরুণদের সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। প্রশ্ন ফাঁসের তদন্ত, দোষীদের বিচার এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তাদের এই আন্দোলন এখন দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে মোদি ভিডিও বার্তায় জানিয়েছেন, প্রশ্ন ফাঁস ঠেকাতে ফাস্ট ট্র্যাক আদালত ও কঠোর শাস্তির খসড়া বিল মন্ত্রিসভায় তোলা হবে। ইতালির প্রধানমন্ত্রী এখন পর্যন্ত এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি।