অনৈতিক সম্পর্কের প্রতিবাদ করায় চালককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামসহ ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) ভুক্তভোগী গাড়িচালক ওবায়দুর রহমান বাদী হয়ে রাজধানীর পল্লবী থানায় মামলাটি করেন। মামলার পর আমিনুর রহমান নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করলে ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ওবায়দুর রহমান এমপি নজরুলের ব্যক্তিগত গাড়িচালক ছিলেন। পল্লবীর কালশীতে তার বোনের বাসায় আত্মীয়তার সূত্রে যাতায়াত ছিল নজরুলের। সেখানে ওবায়দুরের ভাগ্নির সঙ্গে এমপির অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানতে পেরে ওবায়দুর প্রতিবাদ করলে তাকে প্রাণনাশের হুমকি দেন নজরুল।
সম্প্রতি মগবাজারের একটি চক্র নজরুল ও ওই তরুণীর কিছু আপত্তিকর ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করতে থাকে। নজরুলের ধারণা হয়, ওবায়দুরই ভিডিও ফাঁস করেছে। এর জেরে ১৪ জুলাই আমিনুরসহ অন্যরা তাকে ড্রয়িংরুমে ডেকে লাঠি দিয়ে মারধর ও গলা টিপে হত্যার চেষ্টা করে।
এদিকে ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। বুধবার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন দলের প্রচার সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের।