দিল্লিতে ছাত্রদের সংসদ অভিযানে পুলিশি লাঠিচার্জ নিয়ে মুখ খুলে বিতর্কে জড়ালেন অরিজিৎ সিং।
সোমবার আন্দোলনরত ছাত্রদের ওপর কাঁদানে গ্যাস ও লাঠিচার্জের ঘটনায় X হ্যান্ডেলে ক্ষোভ উগরে দেন এই জনপ্রিয় গায়ক।
তিনি লেখেন, “ইয়ার এবার তো ছাত্রদের মারছেন আপনারা। হ্যালো নেতা, মন্ত্রী!! হ্যালো দিল্লি পুলিশ, লজ্জা করে না!! নিজেদের ভগবান ভাবছেন? সব মনে রাখা হবে! হর হর মহাদেব।”
আরেক পোস্টে তিনি পুলিশকে “ইউনিফর্ম পরা গুন্ডা” বলেও কটাক্ষ করেন। মুহূর্তে ভাইরাল হয় তার পোস্ট।
এরপরই এক ভক্ত কমেন্টে লেখেন, তিনি অরিজিতের এই রাজনৈতিক অবস্থানে হতাশ এবং এখন থেকে তাকে ঘৃণা করেন।
জবাবে মাথা ঠান্ডা রেখে অরিজিৎ লেখেন, “আপনি আমার গান ভালোবাসেন বলেই আমার সব মতের সঙ্গে একমত হবেন, এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনাকে খুশি করতে আমি মত বদলাব না।”
তিনি আরও যোগ করেন, “মানুষ হিসেবে দুঃখিত যদি খারাপ লেগে থাকে, কিন্তু এই বিষয়টা আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি আমার অবস্থান থেকে সরব না। আপনি চাইলে প্লেলিস্ট থেকে আমার সব গান মুছে দিতে পারেন। আমাকে ভুলে যেতে পারেন। আপনার জন্য শুভকামনা, কিন্তু আমার মত বদলাবে না।”