সড়ক দুর্ঘটনা কমাতে শুধু প্রতিষ্ঠান গড়লেই হবে না, প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (২১ জুলাই) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সড়ক নিরাপত্তা বিষয়ক উচ্চ পর্যায়ের প্যানেল অধিবেশনে যৌথ-সভাপতির দায়িত্ব পালনকালে তিনি এ আহ্বান জানান। সড়ক নিরাপত্তায় বাংলাদেশের নেতৃত্বের স্বীকৃতি হিসেবে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

মন্ত্রী বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে পরিবহন, স্বাস্থ্য, পুলিশ, অর্থ, শিক্ষা ও স্থানীয় সরকারসহ সব মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় জরুরি। নীতি প্রণয়ন আর মাঠ পর্যায়ে বাস্তবায়নের মধ্যে যে ফারাক আছে, তা কমিয়ে আনতে হবে।

এ সময় তিনি স্থানীয় সরকার, বেসরকারি খাত, নাগরিক সমাজ ও তরুণদের সম্পৃক্ত করার ওপরও জোর দেন। তবে এসব উদ্যোগ শক্তিশালী সরকারি নেতৃত্ব ও জবাবদিহিতার কাঠামোর মধ্যেই পরিচালনা করতে হবে বলে জানান তিনি।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী।