দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা সুপ্ত মেধা খুঁজতে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং এফডিসির ব্যবস্থাপনায় শোটি বাংলাদেশ টেলিভিশন ও ওটিটিতে প্রচার হবে।
মন্ত্রণালয় জানায়, প্রচলিত গান-নাচের বাইরে লোকশিল্প, লাঠিখেলা, পুতুলনাচ, জাদু, অ্যাক্রোবেটিক্স, রোবটিক্স, ড্রোন শো, স্যান্ড আর্টসহ সব ধরনের ভিন্নধর্মী প্রতিভাকে সুযোগ দেওয়াই লক্ষ্য। ৪৫-৬০ মিনিটের ৫২ পর্বের এই আয়োজন চলবে এক বছর।
অ্যাপ ও অনলাইনে ডিজিটাল রেজিস্ট্রেশনের পর ৮ বিভাগে অডিশন ক্যাম্প, এরপর স্টুডিও অডিশন, নকআউট, সেমিফাইনাল ও পাবলিক ভোটিংয়ে গ্র্যান্ড ফিনালে হবে।
আকর্ষণ হিসেবে থাকছে রেড বাটন — অপছন্দ হলে পারফরম্যান্স থামিয়ে দেওয়া, এবং গোল্ডেন বাটন — অসাধারণ হলে সরাসরি দুই রাউন্ড পার। ব্রিটেনস গট ট্যালেন্টের আদলে বিশ্বমানের সেট, লাইটিং ও সিনেমাটিক ব্যাকস্টোরি থাকবে।
তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, তরুণদের মেধার মূল্যায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতেই এই উদ্যোগ, যা প্রান্তিক প্রতিভাকে স্বাবলম্বী করবে।