দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে ৭২৯ কোটি টাকার বড় প্রকল্প হাতে নিচ্ছে সরকার।
বেগমগঞ্জ ও সুনেত্রায় ৩টি নতুন কূপ খননে বুধবার (২২ জুলাই) একনেক সভায় অনুমোদনের জন্য উঠছে প্রকল্পটি।
জ্বালানি বিভাগের অধীনে বাপেক্স প্রকল্পটি বাস্তবায়ন করবে। এর আওতায় নোয়াখালীর বেগমগঞ্জে ৩৫৫০ মিটার গভীরতায় বেগমগঞ্জ-৫ এবং ৩৪০০ মিটারে বেগমগঞ্জ-৬, আর সুনামগঞ্জের ধর্মপাশায় ৫৩০০ মিটার গভীরতায় সুনেত্রা-২ কূপ খনন করা হবে।
পরিকল্পনা কমিশন জানায়, বেগমগঞ্জ কাঠামো ইতোমধ্যে সম্ভাবনাময় প্রমাণিত। সেখানে দুটি কূপ থেকে এখন দৈনিক ১১.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলছে। নতুন তিনটি কূপ সফল হলে জাতীয় গ্রিডে প্রতিদিন ৩৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যোগ হবে এবং মোট ৭১১ বিসিএফ মজুত পাওয়া যেতে পারে, যার বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার কোটি টাকা।
২০২৮ সালের জুনের মধ্যে বাস্তবায়ন লক্ষ্যের এই প্রকল্পে সরকার দেবে ৫৮৩ কোটি এবং বাপেক্স দেবে ১৪৫ কোটি টাকা।