যানজট কমাতে ঢাকার ১২০টি গুরুত্বপূর্ণ মোড়ে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল বসাচ্ছে ডিএমপি। আগামী ছয় মাসের মধ্যে এ পরিকল্পনা বাস্তবায়ন হবে। ইতোমধ্যে ১২টি পয়েন্টে চালু হয়েছে, এক মাসের মধ্যেই সংখ্যাটি ৬০ ছাড়াবে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান জানান, সীমিত জনবল দিয়েই গত এক বছরে ৭৫টি পয়েন্টে ডাইভারশন ও প্রকৌশলগত পরিবর্তন আনা হয়েছে। যেমন আসাদ গেট মোড়ে সরাসরি চলাচল বন্ধ করে ইউটার্ন ব্যবস্থা করায় যানজট কমেছে এবং ৮ জন সদস্য পর্যন্ত সাশ্রয় হয়েছে। একই উদ্যোগ নেওয়া হয়েছে বসিলা, কাকলী, ইসিবি ও কালশীতেও।

তিনি বলেন, বর্তমান সিগন্যাল ম্যানুয়ালি নিয়ন্ত্রণ করা যায়, ভবিষ্যতে জিপিএস ও অ্যালগরিদমভিত্তিক পুরোপুরি অটোমেটিক ব্যবস্থায় যাওয়ার পরিকল্পনা রয়েছে। তবে রাস্তা কাটা, সমন্বয়হীন উন্নয়নকাজ ও বৃষ্টিতে জলজট এখনো বড় চ্যালেঞ্জ।