দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানী।

সোমবার (২০ জুলাই) বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে তীব্র বৃষ্টি উপেক্ষা করে হাজারো বিক্ষোভকারী জড়ো হন।

এনডিটিভির খবরে বলা হয়, ব্যারিকেড ভেঙে সংসদের দিকে যেতে চাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের অভিযোগ, বিক্ষোভকারীরা পাথর ছুড়ে হামলা চালায়। এতে বিশেষ কমিশনার, যুগ্ম কমিশনারসহ ১১৮ জনের বেশি পুলিশ আহত হন, ভাঙচুর করা হয় ১৫-২০টি সরকারি গাড়ি।

ঘটনায় ৭০ জনকে আটক করেছে পুলিশ। অন্যদিকে বিক্ষোভকারীদের দাবি, পুলিশের বলপ্রয়োগে ৬০ শিক্ষার্থী আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতায় মামলা হবে। এদিকে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক ঘোষণা দিয়েছেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।