রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ করে দিয়েছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ সংলগ্ন রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।

ভুক্তভোগী শিক্ষার্থী ফুরকান উদ্দিন আইন বিভাগের ছাত্র। তার অভিযোগ, পদ্মা এক্সপ্রেসে টিকিট ইস্যু না করে যাত্রীদের কাছ থেকে টাকা নিচ্ছিলেন দায়িত্বরত টিটি। তিনি প্রতিবাদ করলে অতর্কিতভাবে তার ওপর হামলা চালানো হয়, এতে তার চশমা ভেঙে যায় এবং তিনি আহত হন। ফেসবুক পোস্টে তিনি বিষয়টি জানালে শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেন।

এ ঘটনায় উদ্বেগ জানিয়ে আন্দোলনে সমর্থন দিয়েছে রাকসু। ঘটনাস্থলে অবস্থান করছেন জিএস সালাহউদ্দিন আম্মার। ভিপি মোস্তাকুর রহমান জাহিদ ফেসবুকে লিখেছেন, অভিযুক্তকে ক্ষমা চাইতে হবে এবং আইনানুগ ব্যবস্থা নিতে হবে, সমাধান না হওয়া পর্যন্ত রেললাইন বন্ধ থাকবে। আন্দোলনকারীরা জানান, রেলে অনিয়ম ও হেনস্তা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে, যথাযথ শাস্তি ও ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত অবরোধ চলবে।