শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২০ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবোর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।
সাক্ষাতের শুরুতে আইএলও মহাপরিচালক প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণে অভিনন্দন জানিয়ে বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা আরও সুদৃঢ় হয়েছে। আইএলও বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদার করতে আগ্রহী।
বৈঠকে তৈরি পোশাক খাতের অগ্রগতি, কর্মক্ষেত্রে নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন এবং অনানুষ্ঠানিক শ্রমবাজার নিয়ে আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতার প্রশংসা করেন হোংবো। অভিবাসী শ্রমিকদের অধিকার ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করতেও একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।