যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোটের সঙ্গে ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে জুলাই জাতীয় সনদও অক্ষরে অক্ষরে পালন করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

সোমবার (২০ জুলাই) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, সমমনা জাতীয়তাবাদী জোট, গণতান্ত্রিক বাম জোট, ইসলাম ঐক্যজোটসহ ৪১টি দলের নেতারা বৈঠকে অংশ নেন।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৫-১৬ বছর ধরে যুগপৎ আন্দোলনে যারা ছিলেন, তাদের ডাল-ভাত খাওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। বৈঠকে আবেগঘন পরিবেশ তৈরি হয়। প্রধানমন্ত্রী প্রত্যেকের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেছেন। শরিকরা তার সরকারের শুরুর কাজের প্রশংসা করেছেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জানিয়েছেন সরকার গঠনের ৫ মাসে কাজের চাপে সব দলের সঙ্গে বসা সম্ভব হয়নি। ধ্বংসস্তূপ থেকে দেশ গোছানোর কাজ চলছে। অর্থনীতি, ব্যাংক ও প্রতিষ্ঠানগুলোকে নতুন করে গড়ে তোলার কাজ শুরু হয়েছে। ভবিষ্যতে প্রায়শই শরিকদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে দেশ পরিচালনা করা হবে।