বর্তমান প্রজন্মের তরুণদের অনেকেরই লক্ষ্য এখন বিনোদন জগত। সেই লক্ষ্যকে সামনে রেখেই নিজের স্বপ্ন পূরণে এগিয়ে যাচ্ছেন রাইসা। ফটোশুটের অভিজ্ঞতায় সমৃদ্ধ হলেও এবার বড় পর্দায় বা বিজ্ঞাপনের ক্যামেরার সামনে নিজেকে যাচাই করতে প্রস্তুত গাজীপুরের এই তরুণী। খুব শীঘ্রই দেশের জনপ্রিয় এক ব্র্যান্ডের বিজ্ঞাপনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে পর্দায় হাজির হতে যাচ্ছেন।

গাজীপুরে জন্মগ্রহণ করলেও রাইসার বেড়ে ওঠা মূলত ঢাকা শহরে। চটপটে স্বভাবের এই তরুণীর বড় হওয়ার পথে পরিবারের স্বপ্ন ছিল তাকে চিকিৎসক হিসেবে দেখার। কিন্তু রাইসার আগ্রহের জায়গা ছিল বরাবরই মিডিয়া বা গ্ল্যামার জগত। সেই স্বপ্ন থেকেই পড়াশোনার পাশাপাশি নিজের লক্ষ্য স্থির করেছেন তিনি।
ক্যারিয়ারের শুরুর দিকেই রাইসা বিভিন্ন ছোট ছোট ব্র্যান্ড প্রমোশনের কাজ করেছেন। মডেলিং জগতের পরিচিত মুখ হয়ে ওঠার প্রক্রিয়ায় তিনি ইতিমধ্যে কাজ করেছেন ‘আমেরিকান শপ বানপিকার’-এর বিলবোর্ড মডেল হিসেবে। এছাড়া ঐতিহ্যবাহী ‘টাঙ্গাইল শাড়ি’র মডেল হিসেবেও তার কাজ প্রশংসিত হয়েছে।

বর্তমানে হাতে একাধিক নাটক ও মডেলিংয়ের অফার থাকলেও পড়াশোনার চাপের কারণে খুব ভেবেচিন্তে পা ফেলছেন তিনি। রাইসা জানান, “আমি এমন কাজ করতে চাই, যেগুলো দর্শকের মনে দীর্ঘদিন জায়গা করে নেবে। হুট করে অনেক কাজে যুক্ত হতে চাই না। বেছে বেছে মানসম্মত ও ভালো মানের কাজ করে দীর্ঘমেয়াদে বিনোদন জগতে নিজের একটি স্বতন্ত্র স্থান করে নিতে চাই। শুধু জনপ্রিয়তা নয়, একজন ভালো শিল্পী হিসেবে নিজের পরিচয় গড়ে তুলতে চাই।”

ভবিষ্যতে বিজ্ঞাপন, নাটক এবং অন্যান্য সৃজনশীল মাধ্যমে নিয়মিত কাজ করে দেশের বিনোদন অঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করাই রাইসার স্বপ্ন।