রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে ঢাকাসহ সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‍্যাব।

বৃহস্পতিবার (১৬ জুলাই) র‍্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, উগ্রবাদী গোষ্ঠী বা সরকারবিরোধী মহল যাতে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

১৬ জুলাই রথযাত্রা ও ২৪ জুলাই উল্টো রথযাত্রা ঘিরে গোয়েন্দা কার্যক্রম বাড়ানো, রুটে পর্যাপ্ত সদস্য মোতায়েন, সাদা পোশাকে নজরদারি এবং সন্দেহভাজনদের তথ্য সংগ্রহ চলছে। জরুরি পরিস্থিতিতে রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী গুজব, অপপ্রচার ও উস্কানিমূলক পোস্ট ঠেকাতে সাইবার পেট্রোলিং জোরদারের কথা জানিয়েছে র‍্যাব।