আবু সাঈদের আত্মত্যাগ সারা দেশের মানুষের বিবেক নাড়া দিয়েছিল বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।
বৃহস্পতিবার (১৬ জুলাই) জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে গলাচিপা উপজেলা প্রশাসনের আলোচনা সভায় ভার্চুয়ালি তিনি বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিরস্ত্র অবস্থায় দুই হাত প্রসারিত করে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছিলেন। আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে তার মৃত্যুর পরই ছাত্র-জনতা ব্যাপকভাবে আন্দোলনে যুক্ত হয়।
তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমেই দেশের মানুষ গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পেয়েছে। শহীদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।’
চরকাজলের রাসেল, দশমিনার জিহাদসহ গলাচিপা-দশমিনার শহীদদের স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের একতরফা নির্বাচনে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছিল, জুলাই অভ্যুত্থান তা পুনরুদ্ধারের পথ তৈরি করেছে।