কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির স্মরণে রাজধানীতে একটি সড়কের নামকরণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৫ জুলাই) সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের আনা প্রস্তাবের ওপর আলোচনায় প্রধানমন্ত্রী জানান, গতকালই ঢাকা সিটি করপোরেশনকে উপযুক্ত সড়ক নির্ধারণ করে নামকরণের জন্য এলজিআরডি মন্ত্রণালয়কে মৌখিক নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, মরহুম আমিরের প্রতি সম্মান জানানো মানে কাতারের বন্ধুভাবাপন্ন জনগণের প্রতি সম্মান জানানো। কাতার বাংলাদেশের উন্নয়ন ও অর্থনীতির অন্যতম অংশীদার। লাখ লাখ প্রবাসীর কর্মসংস্থান দিয়ে তারা আমাদের পাশে আছে।

তিনি আরও বলেন, হরমুজ প্রণালি নিয়ে জটিল পরিস্থিতিতেও কাতার প্রবাসী বাংলাদেশিদের নিজ দেশের নাগরিকের মতো নিরাপত্তা দিয়েছে। তাই আজ রাষ্ট্রীয় শোক ও পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।