স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নতুন ভোটার হওয়ার সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন। আগামী ৩১ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে।

বুধবার (১৫ জুলাই) ইসির সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইসি জানায়, ২০০৮ সালের ৩১ জুলাই বা তার আগে যাদের জন্ম এবং এখনো ভোটার হননি, তারা আবেদন করলে আসন্ন স্থানীয় নির্বাচনের তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন।

যাচাই-বাছাই শেষে ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা নির্বাচন অফিসে তা টানানো থাকবে। ভুল থাকলে বা নাম বাদ পড়লে ২৪ আগস্ট পর্যন্ত সংশোধনের আবেদন করা যাবে। চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ৩১ আগস্ট।

এছাড়া ১০ আগস্ট খসড়া ভোটকেন্দ্র ও ২৭ আগস্ট চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশের পরিকল্পনা রয়েছে।

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছেন, অক্টোবর থেকে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। আগস্টের মাঝামাঝি তফসিল আসতে পারে।

বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।