সাম্প্রতিক বন্যায় অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় বান্দরবানের জনপ্রিয় স্পট দেবতাখুম বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) রাত পৌনে ১২টায় রোয়াংছড়ি ইউএনও তাজমিন আলম তুলি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ১৬ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত পর্যটক প্রবেশ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যায় দেবতাখুমের বিভিন্ন কাঠামো উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে যাতায়াত অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় নিরাপত্তার স্বার্থে জরুরি মেরামতের জন্য সাময়িক বন্ধ রাখা হলো।

দুর্ঘটনা এড়াতে স্থানীয়ভাবে সতর্কতা ও প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে। তবে জেলা প্রশাসন জানিয়েছে, দেবতাখুম ছাড়া জেলার অন্য সব পর্যটনকেন্দ্র খোলা থাকবে।