৪০ বছর পর আবার ইংল্যান্ড বধ, আর জয়টা ম্যারাডোনাকেই উৎসর্গ করলেন মেসি।

সেমিফাইনালে নাটকীয় জয়ের পর টিওয়াইসি স্পোর্টসকে মেসি বলেন, ‘নিঃসন্দেহে ওপর থেকে দিয়েগো এটা দারুণভাবে উপভোগ করছে। আজকের দিনটা তার জন্য খুবই বিশেষ ছিল। ওপর থেকে যেভাবেই দেখুক, উপভোগ করুক। এটাও ওর জন্য একটা উপহার।’

ম্যাচ শেষে সাংবাদিক মাতিয়াস পেলিচিওনি ১৯৮৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার পরা জার্সির প্রতিরূপ মেসির হাতে তুলে দেন। আবেগাপ্লুত মেসি তখন এই কথা বলেন। ঠিক ৪০ বছর আগে ১৯৮৬ সালের ২২ জুন আজতেকা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে ‘হ্যান্ড অব গড’ ও শতাব্দীর সেরা গোল করে কিংবদন্তি হয়েছিলেন ম্যারাডোনা।

মেসি আরও বলেন, ‘জাতীয় সংগীতের সময় বিশেষ কিছু ঘটেছিল। দর্শকরা অন্যরকম আবেগ নিয়ে গান গাইছিল। জানতাম এটা শুধু একটি ফুটবল ম্যাচ, কিন্তু আবেগ নিয়ন্ত্রণ করা কঠিন।’

এদিন গোল না পেলেও দুটি গোলেই অবদান রাখেন মেসি। রোববার স্পেনের বিপক্ষে খেলবেন নিজের তৃতীয় বিশ্বকাপ ফাইনাল, ছুঁবেন কাফুর রেকর্ড। আটলান্টায় গ্যালারিতে তখন একটাই গান, ‘ফকল্যান্ডসের জন্য, দিয়েগোর জন্য, আর লিওর শেষ গোলের জন্য।’