শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে আজ দ্বিতীয় দিনের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা সাভারের পাকিজা মোড় এলাকায় মহাসড়কের ওপর অবস্থান নেন। এর ফলে সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
পাকিজা মোড়ে অবস্থানরত আসিফ নামের এক শিক্ষার্থী বলেন, “শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের নিয়ে মারাত্মক ব্যাঙ্গাত্মক মন্তব্য করেছেন, যা সবার দৃষ্টিগোচর হয়েছে। আমরা এই মন্তব্যের তীব্র নিন্দা জানাই এবং একইসঙ্গে তার পদত্যাগ দাবি করছি।”
আমেনা নামে অপর এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, “শিক্ষামন্ত্রী হয়ে সন্তানতুল্য শিক্ষার্থীদের নিয়ে তিনি যে ভাষা প্রয়োগ করেছেন, তা অত্যন্ত দুঃখজনক ও লজ্জার। তিনি ইতিমধ্যে মন্ত্রীপরিষদে থাকার যোগ্যতা হারিয়েছেন।”
শিক্ষার্থীরা জানিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে আন্দোলন আরো তীব্র করা হবে।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাতুল আলম জানান, বেলা ২টার পরপরই শিক্ষার্থীরা মহাসড়কে নেমে অবস্থান নেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সড়ক সচল করতে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের সড়ক থেকে বুঝিয়ে তুলে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে।