মাত্র এক বছরের মাথায় পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো।

মঙ্গলবার (১৪ জুলাই) পার্লামেন্ট তার পদত্যাগপত্র গ্রহণ করেছে।

তবে নতুন প্রধানমন্ত্রীর নাম এখনো ঘোষণা করেননি প্রেসিডেন্ট জেলেনস্কি। এতে রদবদলের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা।

বিদায়ী ভাষণে ইউলিয়া বলেন, প্রতিটি দিনই কঠিন সিদ্ধান্তের ছিল। ফলাফলই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি সতর্ক করে বলেন, নতুন সরকারের বড় চ্যালেঞ্জ হবে আসন্ন শীত মোকাবিলা, কারণ রাশিয়া জ্বালানি অবকাঠামোতে হামলা বাড়াতে পারে।

বিরোধী আইনপ্রণেতা ওলেক্সি হনচারেঙ্কো বলেন, কেন সরকারকে বিদায় দেওয়া হলো, তার ব্যাখ্যা নেই। আরেক আইনপ্রণেতা কিরা রুদিকের মতে, নতুন সরকার খুব বেশি ভিন্ন হবে না।

ইউলিয়ার সময়ে জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেও তার বিরুদ্ধে সরাসরি অভিযোগ ছিল না। তবে সমালোচকদের মতে, তিনি কঠোর ব্যবস্থা নেননি।

গণমাধ্যমের খবর অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস কোম্পানি নাফতোগ্যাসের প্রধান সেরহি কোরেৎসকিই নতুন প্রধানমন্ত্রী হতে পারেন। বৃহস্পতিবার ভোট হওয়ার কথা রয়েছে।