কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আজ বুধবার (১৫ জুলাই) বাংলাদেশে এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।
এ উপলক্ষে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। সরকারি ও বেসরকারি সব ভবনেও পতাকা অর্ধনমিত থাকবে।
মঙ্গলবার (১৪ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়, মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সব মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হবে।
এদিকে মঙ্গলবার জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়েছে। সরকারদলীয় প্রধান হুইপ নূরুল ইসলাম মনি প্রস্তাব উত্থাপন করেন, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল কণ্ঠভোটে তা পাস করান।
প্রধানমন্ত্রীর শোকবার্তা পৌঁছে দিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কাতারের রাজধানী দোহায় গেছেন।