বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) নতুন মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. লতিফুল ইসলাম। এর আগে তিনি একই প্রতিষ্ঠানের পরিচালক (প্রশাসন ও অর্থ) হিসেবে চলতি দায়িত্ব পালন করছিলেন।

সোমবার (১৩ জুলাই) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য-৫ শাখা থেকে জারিকৃত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাসরিন চৌধুরী স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহ-এর পরিচালক (প্রশাসন ও অর্থ) (চলতি দায়িত্ব) ড. মো. লতিফুল ইসলামকে প্রতিষ্ঠানটির মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে বদলি বা পদায়ন করা হলো।

আদেশে আরও উল্লেখ করা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর ও কর্মকর্তাদের কাছে আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।