মেসিকে নিয়ে মন্তব্যের জেরে শাহরিয়ার নাজিম জয়কে ‘অরিজিনাল চাবুক’ মারার হুঁশিয়ারি দিলেন চিত্রনায়ক ওমর সানী।
সোমবার (১৩ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ওমর সানী লেখেন, “শোন জয়, তোর আপা মৌসুমী শুটিংয়ে তুলার চাবুক ব্যবহার করেছে। তোরে মারার জন্য অরিজিনাল চাবুক অর্ডার দিছি, রেডি থাকবি। সাবজেক্ট খেলাধুলা ফান।”
১১ ঘণ্টায় পোস্টে ৪০ হাজার রিঅ্যাক্ট, সাড়ে ৬ হাজার মন্তব্য পড়েছে। নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
এর আগে মেসিকে নিয়ে ওমর সানীর ভিডিও বক্তব্যের জবাবে জয় লেখেন—“ওমর সানী ভাই মেসিকে প্রতিবন্ধী বলেছেন। ৯০ দশকে দেখতাম মৌসুমী ওমর সানীকে চাবুক মারত। কেন মারত, এখন বুঝেছি।” পোস্টটি ভাইরাল হয়।
গণমাধ্যমে জয় বলেন, “ওমর সানী ভাই সরল মানুষ। মেসিকে নিয়ে কথা বলায় মজা করেই পোস্ট দিয়েছি। এটা পুরোপুরি ফান। খেলার কারণে বিভক্তি উচিত নয়।” ওমর সানীও পোস্টের শেষে ‘খেলাধুলা ফান’ উল্লেখ করে ঠাট্টা করেছেন বলে ধারণা করা হচ্ছে।