স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে প্রধান করে ১২ সদস্যের সংবিধান সংশোধন বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেন বিরোধীদলের সংসদ সদস্যরা।
সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে এমন ঘটনা ঘটে।
ওয়াকআউটের আগে সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা দুইটা শপথ নিয়েছি, একটা সংসদ সদস্য হিসেবে, অপরটি সংস্কার পরিষদের সদস্য হিসেবে। দুইটা শপথই বিদ্যমান আছে। ওইইটাকে যদি বাইপাস করার জন্য কমিটি করা হয় তবে এটা আমরা প্রত্যাখ্যান করছি। আমরা আমাদের আগের অবস্থানেই আছি।’
তিনি বলেন, ‘আমরা মনে করি গণতন্ত্রের দাবিই হচ্ছে জনগণের মতামত মেনে নেওয়া। সেই মতামত ৭০ শতাংশের পাশাপাশি জনগণের মতামত। গণভোটের মতামত যদি এভাবে শেষ হয়ে যায় তবে ভবিষ্যতে গণতান্ত্রিক এই পদ্ধতির ওপর মানুষ শুধু আস্থাই হারাবে না, বিদ্রোহী হয়ে পড়বে।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘জনগণের মতামতকে অগ্রাহ্য করা উচিত হবে না। জনগণের মতামতকে যেহেতু সম্মান করা হচ্ছে না, তাই সংসদ থেকে ওয়াকআউট করছি।’