নাগার্জুনা আক্কিনেনির পায়ে লুটিয়ে পড়েছেন অভিনেতা আখিল আক্কিনেনি। মূলত, পায়ে লুটিয়ে পড়ে বাবাকে প্রণাম করছেন। এরপর উঠে নাগার্জুনাকে জড়িয়ে ধরেন। আবেগাপ্লুত সন্তানের পিঠ চাপড়ে সান্ত্বনা দেন নাগার্জুনা। এরপর আখিলকে অশ্রুসিক্ত চোখ মুছতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়; যা এখন রীতিমতো ভাইরাল।

সিয়াসাত ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, চলচ্চিত্র জগতে এমন কিছু মুহূর্ত থাকে, যা বক্স অফিসের সাফল্যকেও ছাপিয়ে যায়। সম্প্রতি তেমনই আবেগঘন একটি মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে সবার মন কেড়েছে। নাগার্জুনা আক্কিনেনির ছোট ছেলে অভিনেতা আখিল আক্কিনেনি অভিনীত নতুন সিনেমা ‘লেনিন’। এ সিনেমার বক্স অফিস সাফল্যে উচ্ছ্বসিত অভিনেতা আখিল। সাফল্য উদযাপন অনুষ্ঠানে বাবা, বর্ষীয়ান অভিনেতা নাগার্জুনা আক্কিনেনির আশীর্বাদ নিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এই তারকা।

‘লেনিন’ মুক্তির পর বিশ্বজুড়ে দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে। তারই ফলশ্রুতিতে নির্মাতারা হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিওতে জাঁকজমকপূর্ণ সাফল্য উদযাপন অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে আখিল আক্কিনেনির সঙ্গে উপস্থিত ছিলেন তার বাবা নাগার্জুন, পরিচালক মুরালি কিশোর আব্বুরু, প্রযোজক সুরিয়াদেবারা নাগা ভামসি। উপস্থিত সকলে মিলে কেক কেটে সিনেমাটির সাফল্য উদযাপন করেন।

তবে অনুষ্ঠানের সবচেয়ে আলোচিত বিষয় ছিল বাবা-ছেলের আবেগঘন মুহূর্তটি। ভিডিওটি প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ভক্তদের অনেকেই এটিকে সিনেমার সাফল্য উদযাপনের সবচেয়ে হৃদয়স্পর্শী মুহূর্ত বলে অভিহিত করছেন। তাদের মতে, ক্যারিয়ারে একের পর এক ব্যর্থতা—বিশেষ করে ‘এজেন্ট’ সিনেমার হতাশাজনক ফলাফলের পর, ‘লেনিন’ সিনেমা তাকে সাফল্য এনে দিয়েছেন।

‘লেনিন’ সিনেমায় আখিল আক্কিনেনির বিপরীতে অভিনয় করেছেন ভাগ্রশ্রী বোস। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শিবাজি, ব্রহ্মাজি, ঈশ্বরি রাও, সুনীল প্রমুখ।

২০১৫ সালে তেলেগু ভাষার ‘আখিল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে আখিল আক্কিনেনির। অভিষেক চলচ্চিত্রের মাধ্যমে দর্শকদের নজর কাড়েন। এ সিনেমার জন্য সেরা নবাগত বিভাগে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড জিতে নেন এই অভিনেতা। বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। এ তালিকায় রয়েছে—‘হ্যালো’, ‘মিস্টার মজনু’, ‘এজেন্ট’ প্রভৃতি।