এবারের বিশ্বকাপ অনেক প্রথমের সাক্ষী হয়েছে। শুরুটা হয় ৪৮ দলের প্রথম বিশ্বকাপ দিয়ে।

এ ছাড়া দল ও খেলোয়াড় মিলিয়ে আরো অনেক প্রথমের দেখা মিলেছে। সেমিফাইনালিস্ট চূড়ান্ত হওয়ার পর এবার আরেকটি প্রথমের দেখা পাওয়া গেছে।

বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম র‌্যাংকিংয়ের শীর্ষ ৪ দল সেমিফাইনালে সুযোগ পেয়েছে। ১৯৯২ সালে র‌্যাংকিং চালু হওয়ার পর এমন ইতিহাস কখনো দেখা যায়নি।

ইতিহাস গড়া চার দল হচ্ছে—আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স ও ইংল্যান্ড।

রেকর্ডের সাক্ষী হওয়া চার দলেরই আবার নামের পাশে রয়েছে বিশ্বকাপ ট্রফি। বিশ্বকাপ জিতেছে এমন ৪ দল তৃতীয়বারের মতো সেমিফাইনালের টিকিট পেয়েছে। এর আগে ১৯৭০ ও ১৯৯০ বিশ্বকাপে ঘটেছিল।

১৯৭০ বিশ্বকাপের সেমিতে সুযোগ পাওয়া ৪ বিশ্বকাপজয়ী দল হচ্ছে ব্রাজিল, ইতালি, উরুগুয়ে ও পশ্চিম জার্মানি। বিপরীতে ১৯৯০ বিশ্বকাপের ৪ দল ছিল পশ্চিম জার্মানি, আর্জেন্টিনা, ইতালি ও ইংল্যান্ড।