ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

শনিবার (১১ জুলাই) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘স্বাগতম, শেখ হাসিনা। ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? আপনি এখনই দেশে ফিরে আসুন।’

আসিফ নজরুল বলেন, অন্তর্বর্তী সরকার ও বর্তমান বিএনপি সরকার শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ করেছে। শেখ হাসিনাও দেশে ফেরার আগ্রহ জানিয়েছেন।

তিনি প্রশ্ন তোলেন, ‘বাংলাদেশের জনগণের সামনে এবং আদালতের সামনে আপনার অনেক প্রশ্নের জবাব দেওয়ার আছে। জুলাই গণঅভ্যুত্থানে শত শত প্রাণহানির দায়, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বর, বিচারবহির্ভূত হত্যা, গুম, আয়নাঘর, দুর্নীতি, অর্থ পাচার—এসব বিষয়ে আপনার ব্যাখ্যা কী? কেন জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল?’

আসিফ নজরুল আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনা পরিবারের সদস্যদের বিদেশে পাঠালেও আওয়ামী লীগের সাধারণ নেতা-কর্মীরা এখনো মামলা ও অনিশ্চয়তার মুখে।

তিনি বলেন, ‘যদি সত্যিই ফেরার সিদ্ধান্ত নেন, তাহলে বিলম্ব করবেন না। ফিরে এসে আইনের মুখোমুখি হন। আর যদি বাস্তব পরিকল্পনা না থাকে, তাহলে বারবার ফেরার ঘোষণা দিয়ে দলের কর্মীদের বিভ্রান্ত করবেন না।’