ভিয়েতনামের দক্ষিণাঞ্চলে স্পিডবোট উল্টে অন্তত ১৫ জন ভারতীয় পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ৩২ জন ভারতীয় পর্যটক ও ৪ জন ক্রু নিয়ে স্পিডবোটটি ফু কুওক দ্বীপের কাছে হন মাই রুট নগোয়াই দ্বীপ থেকে ফিরছিল। দ্বীপ থেকে প্রায় ৪০০ মিটার দূরে বোটটি উল্টে যায়।

দুর্ঘটনার পর আশপাশের নৌকা ও স্পিডবোটগুলো দ্রুত উদ্ধার শুরু করে। পরে সীমান্তরক্ষী বাহিনী, নৌবাহিনী, কোস্ট গার্ড ও অন্যান্য সংস্থা যোগ দেয়। অনেক যাত্রী বোটের ভেতরে আটকে পড়ায় উদ্ধারকাজ জটিল হয়।

নিহত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

থাইল্যান্ড উপসাগরে অবস্থিত ফু কুওক ভিয়েতনামের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। প্রতি বছর লাখো দেশি-বিদেশি পর্যটক সেখানে ভ্রমণ করেন।