বন্যা পরিস্থিতি মোকাবিলা ও দুর্গতদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে জরুরি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার (১১ জুলাই) অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত চিঠিতে সব বিভাগীয় পরিচালক, সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের এ নির্দেশনা পাঠানো হয়।
সম্প্রতি অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় স্বাস্থ্য সচিব, অধিদপ্তরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। সভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনাগুলো হলো:
• বন্যা আক্রান্ত সব উপজেলা, জেলা ও বিভাগে ফোকাল পারসন মনোনয়ন করতে হবে। তারা কন্ট্রোল রুম ও অধিদপ্তরের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় করবেন।
• দুর্গতদের সেবায় প্রতিটি উপজেলা-জেলায় প্রয়োজনীয় মেডিকেল টিম গঠন করতে হবে।
• ফোকাল পারসন নিয়মিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গণমাধ্যমকে অবহিত করবেন। রবিবার (১২ জুলাই) জরুরি প্রেস ব্রিফিং আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।
• সব উপজেলায় জরুরি ওষুধ, ওআরএস, স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের মজুত নিশ্চিত করতে হবে।
• সাপের কামড়ের চিকিৎসায় পর্যাপ্ত অ্যান্টি-স্নেক ভেনম মজুত রাখতে হবে।
• গর্ভবতী নারী ও শিশুদের সুরক্ষায় বিশেষ পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে সরকারি ব্যবস্থায় প্রসূতিকে হাসপাতালে স্থানান্তর করতে হবে।
• নিরবচ্ছিন্ন সেবায় সব চিকিৎসক, নার্স, মিডওয়াইফসহ কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। প্রয়োজনে ছুটি বাতিল করা যাবে।