দেশের বন্যাকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেবে সরকার।

শনিবার (১১ জুলাই) সকালে কুমিল্লা টাউন হল মাঠে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন শেষে কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এ কথা জানান।

বৃক্ষরোপণে অনিয়ম নিয়ে প্রধানমন্ত্রীর অসন্তোষ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘দীর্ঘদিনের লুটপাটের অভ্যাস অনেকের এখনো যায়নি। তবে প্রধানমন্ত্রী নিজেই কর্মসূচির অগ্রগতি তদারকি করছেন। তাই অনিয়মের সুযোগ নেই।’

কুমিল্লা সামাজিক বন বিভাগের কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, পরিবেশ রক্ষা ও সবুজায়ন বাড়াতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জরুরি।

এর আগে মন্ত্রী বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন এবং ফলজ-বনজ স্টল পরিদর্শন করেন। এ সময় কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক রোজী আক্তার, পুলিশ সুপার আনিসুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।