ভারতীয় চলচ্চিত্রে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন ‘ন্যাশনাল ক্রাশ’ খ্যাত অভিনেত্রী রাশমিকা মান্দানা। আসন্ন সিনেমা ‘মাইসা’-র জন্য পানির নিচে বিশাল এক মারপিটের দৃশ্যে অভিনয় করেছেন তিনি। নির্মাতাদের দাবি, ভারতীয় সিনেমার ইতিহাসে নারীপ্রধান চরিত্রে এটিই প্রথম আন্ডারওয়াটার ফাইট সিকোয়েন্স।

চমকপ্রদ বিষয় হলো, কোনো ডামি বা বডি ডাবল ছাড়াই বিপজ্জনক স্টান্টগুলো নিজেই করেছেন রাশমিকা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শুটিংয়ের নেপথ্যের কিছু ছবি ও ঝলক প্রকাশ করেছেন নির্মাতারা। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই দিনে প্রায় ২০ ঘণ্টা পানির নিচে কাটিয়ে এই জটিল দৃশ্যের শুটিং শেষ করেছেন অভিনেত্রী।

নির্মাতারা লিখেছেন, ‘রাশমিকা মান্দানার হাত ধরে ভারতের প্রথম নারীপ্রধান আন্ডারওয়াটার ফাইট সিকোয়েন্সের কাজ শেষ হলো। উপরিভাগ কখনোই আমাদের সীমানা ছিল না। ভারতীয় সিনেমা আগে কখনো দেখেনি, গভীর পানির নিচে এমন এক যুদ্ধের সাক্ষী হতে প্রস্তুত হোন।’

পানির নিচের শুটিংয়ের অভিজ্ঞতা ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করে নিয়েছেন রাশমিকা। এটিকে ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আখ্যা দিয়ে তিনি লেখেন, ‘আমি জানি কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলাম না, কারণ আমরা এই কাজটি নিয়েই ব্যস্ত ছিলাম। এটি আমার জীবনে করা এখন পর্যন্ত সবচেয়ে কঠিন ও চ্যালেঞ্জিং কাজ। আমরা হয়তো একটু পাগলামি করেছি, কিন্তু এটাই আমাকে সবচেয়ে বেশি রোমাঞ্চিত করেছে।’

রাবিন্দ্র পুলে পরিচালিত এবং আনফর্মুলা ফিল্মস প্রযোজিত ‘মাইসা’ একটি উপজাতীয় অঞ্চলের পটভূমিতে নির্মিত আবেগঘন অ্যাকশন থ্রিলার। এটি রাশমিকার ক্যারিয়ারের প্রথম নারীপ্রধান প্যান-ইন্ডিয়া অ্যাকশন ফিল্ম। চলতি বছরের শেষ নাগাদ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সূত্র: এনডিটিভি