বিএনপি নেতা ও গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, এনসিপি স্বতন্ত্র রাজনীতি না করলে ‘নতুন বন্দোবস্তের’ আশা পুরোপুরি শেষ হয়ে যাবে।

শনিবার (১১ জুলাই) ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান বলেন, ‘বাংলাদেশের বাস্তবতায় এনসিপির উত্থান জরুরি ছিল। কিন্তু জুলাই পদযাত্রায় দেখা যাচ্ছে এনসিপির ডাউন হয়েছে। শীর্ষ নেতারা অংশ নিলেও সাধারণ মানুষের আগের সেই উদ্দীপনা নেই।’

তিনি আরও বলেন, সাভারে ককটেল বিস্ফোরণের পরও ঢাকায় বড় প্রতিবাদ হয়নি। ইসহাক সরকারের মিছিলে ২০-২৫ জন হয়েছে, অথচ আগে তার ডাকে ৩-৪ হাজার লোক নামত।

রাশেদ খানের মতে, ‘এনসিপি জামায়াতের সঙ্গে যাওয়াতে নতুন রাজনীতি জামায়াতের দখলে চলে গেছে। মানুষ ভাবছে এনসিপি জামায়াতেরই অঙ্গসংগঠন। এনসিপিই যদি জামায়াত হয়, তবে মানুষ জামায়াত বাদ দিয়ে এনসিপি কেন করবে?’

তিনি হুঁশিয়ারি দেন, ‘শীর্ষ নেতাদের একটি অংশ জামায়াতের ভোটে এমপি হতে চাওয়ায় তারা এনসিপিকে জামায়াত থেকে বের করতে চাইবে না। তা না হলে নতুন বন্দোবস্তের আশা শেষ। আর এ আশা ফুরালে নিষিদ্ধ আওয়ামী লীগই আবার প্রাসঙ্গিক হয়ে ফিরবে, যা জাতির জন্য অশনিসংকেত।’