চট্টগ্রামের সীতাকুণ্ডে আট বছরের শিশু জান্নাতুল নাঈম ইরা মনিকে ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার একমাত্র আসামি বাবু শেখকে (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৩টায় চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জান্নাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন। আসামি রায়ের সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন। আদালত তাকে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করেন।

রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে ভুক্তভোগী ইরা মনির পরিবার।

মামলার বিবরণে জানা যায়, সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় এলাকায় চকলেটের লোভ দেখিয়ে ইরা মনিকে ডেকে নিয়ে যান বাবু শেখ। সেখানে ধর্ষণের চেষ্টাকালে শিশুটি চিৎকার করলে তাকে ছুরি দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়। পরে রক্তাক্ত ও গলা কাটা অবস্থায় জঙ্গল থেকে বের হয়ে শ্রমিকদের কাছে আশ্রয় নেয় শিশুটি। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় গত ৩ মার্চ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

ঘটনার সাড়ে চার মাসের মাথায় এ রায় ঘোষণা করা হলো। মাত্র ১০ কার্যদিবসে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় দেন।