ময়মনসিংহের ধোবাউড়ায় পাঁচ বছরের শিশু নিছামনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক সুদিপ্তা সরকার এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন— আরিফ, রাকিব ও সিয়াম।
এ মামলায় অপ্রাপ্তবয়স্ক অপর আসামি মারুফকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মেজবাহ উদ্দিন আহমেদ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ জুন বিকেলে ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের টাঙ্গাহাটি গ্রামের তাজু মিয়ার মেয়ে শিশু নিছামনিকে ধর্ষণের পর নদীতে ফেলে হত্যা করা হয়। পরদিন ১৫ জুন নিছামনির বাবা বাদী হয়ে ধোবাউড়া থানায় মামলা করেন।
তদন্ত শেষে মাত্র ৯ দিনের মাথায় ৪ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরে তিন আসামির উপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেন।
রায়ে সন্তোষ প্রকাশ করেছে নিছামনির পরিবার। রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন তারা।