ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিজয়ী বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে শপথ নিতে কোনো বাধা নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট। তার প্রার্থিতাও বৈধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নেন সারোয়ার আলমগীর। নির্বাচনের আগে ইসিতে তার প্রার্থিতা বাতিল হলে তিনি হাইকোর্টে রিট করেন। ২৭ জানুয়ারি হাইকোর্ট রুল জারি করে তাকে নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দেন।

হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে জামায়াত প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন লিভ টু আপিল করেন। ঋণখেলাপির অভিযোগ আনেন তিনি। গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আদেশ দেন, সারোয়ার আলমগীর বিজয়ী হলে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার ফলাফল প্রকাশ স্থগিত থাকবে।

পরে ৩১ মার্চ জামায়াত প্রার্থী নিয়মিত আপিল করেন। ১৬ জুন আপিল বিভাগ দ্রুত রুল নিষ্পত্তির নির্দেশ দিয়ে বলেন, নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল স্থগিত থাকবে। এরই ধারাবাহিকতায় হাইকোর্টে শুনানি শেষে আজ রায় দেওয়া হলো।

রিটকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকন। জামায়াত প্রার্থীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মুহাম্মদ শিশির মনির ও আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী।