কাতার বিশ্বকাপের পর ২০২৬ আসরেও দারুণ ছন্দে আছে মরক্কো। তবে কোয়ার্টার ফাইনালে আবারও গতবারের সেমির প্রতিপক্ষ ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে বড় ধাক্কা খেল অ্যাটলাস লায়নরা। চোটের কারণে ছিটকে গেছেন ফর্মে থাকা তারকা ইসমায়েল সাইবারি।
আজ (বৃহস্পতিবার) দিবাগত রাত ২টায় বোস্টন স্টেডিয়ামে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নামবে দুই দল। এর আগে মরক্কো কোচ মোহামেদ উয়াহবি নিশ্চিত করেছেন, সাইবারিকে পাচ্ছেন না তারা।
কানাডার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে মাত্র ২২ মিনিটে হ্যামস্ট্রিং চোট নিয়ে মাঠ ছাড়েন সাইবারি। সেই চোট এখনও না সারায় ফ্রান্স ম্যাচে খেলতে পারবেন না তিনি। তবে বিশ্বকাপ শেষ হয়ে যায়নি বলে জানান কোচ উয়াহবি।
গ্রুপপর্বে তিন ম্যাচেই গোল করেছিলেন বিশ্বকাপের পর বায়ার্ন মিউনিখে যোগ দিতে যাওয়া সাইবারি। শেষ ৩২-এ নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে জয়সূচক শেষ শটটিও নিয়েছিলেন তিনি।
ফ্রান্স ম্যাচ নিয়ে উয়াহবি বলেন, ‘প্রস্তুতিতে কোনো চমক বা গোপন কৌশল নেই। লুকানোর কিছু নেই। আমরা কীভাবে খেলতে চাই, সেটা পরিষ্কার।’ তিনি জানান, বল দখলে রেখে ধৈর্য ধরে সুযোগ খুঁজে আক্রমণে যাওয়াই মূল লক্ষ্য। ‘আমরা প্রমাণ করেছি যেকোনো দলকে বিপদে ফেলতে পারি।’
৪ বছর আগে সেমিতে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিয়েছিল মরক্কো। তবে এবার সবকিছু একই হবে না বলে মনে করেন উয়াহবি, ‘প্রতিটি ম্যাচ ভিন্ন। আমাদের দল বদলেছে, ফ্রান্সও বদলেছে। দুই দলই আগের চেয়ে ভালো।’
শেষ আটে ওঠাকে ‘বড় সাফল্য’ মানতে নারাজ কোচ। তিনি বলেন, ‘টুর্নামেন্ট শেষেই মূল্যায়ন হবে। ফ্রান্স ফেভারিট হতে পারে, কিন্তু জয়ের জন্য আমরা সব করব। এই পর্যায়ে আসা বোনাস নয়, আসল বোনাস বিশ্বকাপ জেতা।’