ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠাকালীন নির্বাহী পরিচালক ও বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল জাবের এবং প্রতিষ্ঠাকালীন সদস্য ও ভাইস প্রেসিডেন্ট ফাতিমা তাসনিম জুমা।
বুধবার (৮ জুলাই) নিজেদের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে তারা এ ঘোষণা দেন।
জাবের লিখেছেন, শহীদ ওসমান হাদি শাহাদাতের আগে সেন্টারের ট্রাস্ট গঠনের উদ্যোগ নিলেও শেষ করতে পারেননি। প্রতিষ্ঠাকাল থেকেই এটি জনতার আমানত হিসেবে পরিচিত। তার শাহাদাতের পর গত ছয় মাস ওয়ারিশ সংক্রান্ত ইস্যু সমাধানের চেষ্টা করা হয়েছে। কিন্তু বিষয়গুলো আরও জটিল হয়েছে।
তিনি জানান, ওসমান হাদির সম্মানের স্বার্থে এবং ওয়ারিশদের দাবি ও দলিলপত্রের ভিত্তিতে সেন্টার দাবিকারীদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শহীদের শাহাদাতের পর সব অ্যাকাউন্ট ফ্রিজ থাকায় ওই সময়ের হিসাব ছাড়া তার দায়িত্বকালীন অন্যান্য সব হিসাব দ্রুত প্রকাশ করা হবে।
অন্যদিকে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক জুমা লেখেন, জুলাই পরবর্তী রাজনৈতিক প্রস্তাব ফিরিয়ে তিনি বাংলাদেশপন্থি কালচারের স্বার্থে ইনকিলাবে যুক্ত হন। ইনকিলাব যখন কালচার থেকে সরে কিছুটা পলিটিক্যাল হয়ে উঠছিল, তখন তিনি ওসমান হাদির কাছে অভিযোগ করেছিলেন।
তিনি বলেন, হাদি ভাইয়ের শাহাদাতের পর ওয়ারিশ সংক্রান্ত ঝামেলা সামনে আসে। ট্রাস্ট গঠনের চেষ্টা করলেও তিনি শেষ করে যেতে পারেননি। ইদানীং ওয়ারিশ ইস্যুতে নানাবিধ অপপ্রচার ও মানহানিকর মন্তব্য প্রচারিত হয়েছে।
জুমা আরও লেখেন, ‘আই ডোন্ট থিংক আই হ্যাভ দ্য রাইট টু ক্যারি দিজ বার্ডেনস হোয়াইল আই অ্যাম স্টিল লিভিং অন মাই প্যারেন্টস মানি। আমার বাবা-মা অন্তত এসব দেখা ডিজার্ভ করেনা।’
তিনিও জানান, ওয়ারিশদের দাবি ও দলিলের ভিত্তিতে সেন্টার হস্তান্তর করা হবে এবং তার দায়িত্বকালীন হিসাব প্রকাশ করা হবে।