কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৫ নম্বর ক্যাম্পে পাহাড় ও দেয়াল ধসে এক হেফজখানার ৮ ছাত্রী নিহত হয়েছে। আহত আরও ১২ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
বুধবার (৮ জুলাই) টানা বৃষ্টি ও ঝড়ে ব্লক এ-৩ এলাকার খতিজাতুল মহিলা হেফজখানায় এই দুর্ঘটনা ঘটে। পাহাড়ের মাটির চাপে মাদরাসার দেয়াল ধসে পড়লে ভেতরে থাকা ৩০-৩৫ জন ছাত্রী চাপা পড়ে।
উখিয়া ইউএনও পান্না আক্তার জানান, ঘটনাস্থল থেকে ২০ জনকে উদ্ধার করা হয়। এর মধ্যে ৪ জন ঘটনাস্থলেই এবং পরে হাসপাতালে আরও ৪ জন মারা যায়।
১৪ এপিবিএনের কমান্ডার মো. সিরাজ আমিন নিহত ৮ জনের মধ্যে ৫ জনের পরিচয় নিশ্চিত করেছেন। তারা হলেন- ক্যাম্প-৩ এর শাহিদা (১৩), উম্মে নেজাতুল (১৩), উম্মে সালমা (১২) এবং ক্যাম্প-৫ এর ওমাইচা বিবি (১৩) ও রাশিদা (১৬)। বাকি ৩ জনের পরিচয় এখনো মেলেনি।
ইউএনও বলেন, পাহাড়ের পাদদেশে ইটের দেয়াল ও টিনের ছাউনির এই মাদরাসায় অতিবৃষ্টিতে পাহাড় থেকে মাটি নেমে দেয়ালে আঘাত করলে ধস নামে।
প্রত্যক্ষদর্শী রোহিঙ্গা আনাম জানান, পাহাড় কেটে মাদরাসাটি করা হয়েছিল। সেখানে ১৮০ জন পড়লেও ঘটনার দিন বৃষ্টির কারণে ৩০-৩৫ জন ছিল।
স্থানীয় কয়েকজন রোহিঙ্গা জানিয়েছেন, মাদরাসাটি আরসা নিয়ন্ত্রিত এবং মৌলভি জুবায়ের এটি চালাতেন। ঘটনার পর তিনি পালিয়ে গেছেন। তিন শিফটে এখানে কন্যাশিশুদের কুরআন শিক্ষা দেওয়া হতো।
এর আগে গত রবিবার রাতে ক্যাম্পে পৃথক পাহাড়ধসে ৮ রোহিঙ্গা নিহত হয়েছিল।