ট্রাম্পের ‘কঠিন হামলা’র হুমকির পরই দক্ষিণ ইরানে মার্কিন বাহিনীর হামলায় ৮ সেনা নিহত হয়েছে। খবর আল জাজিরার।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা বুধবার (৮ জুলাই) জানায়, বন্দর আব্বাস ও বুশেহরে যুক্তরাষ্ট্রের হামলায় নিহতরা ইরানের বিমান ও নৌবাহিনীর সদস্য।

এর আগে রাতেই হামলার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এদিকে ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর বেলায়েতি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমেরিকার ‘দুঃসাহসিকতা’র সমুচিত জবাব দেওয়া হবে। গাল্ফ অঞ্চলে নতুন করে অস্থিরতার জন্য তিনি আমেরিকাকে দায়ী করেন।

এক্সে দেওয়া পোস্টে বেলায়েতি লেখেন, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক ভঙ্গে ট্রাম্পের মৌখিক সম্মতি এই অঞ্চলকে আবার আগুনের দিকে ঠেলে দিয়েছে।

তিনি আরও বলেন, আমরা আগেই সতর্ক করেছিলাম, এই অঞ্চল ছোট দেশগুলোর রাজনৈতিক জুয়ার জায়গা নয়। দুঃসাহসিকতার তাৎক্ষণিক জবাব দেওয়া হয়েছে। ইরানের আঙুল ট্রিগারেই আছে, ইরান চুপ থাকবে না।