হায়দরাবাদে শুটিং চলাকালে বিষাক্ত মাকড়সার কামড়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেতা রাজেশ শর্মা।

মঙ্গলবার (৭ জুলাই) তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকলেও তিনি এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নন বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।

ভারতীয় গণমাধ্যম জানায়, তার অবস্থা আপাতত স্থিতিশীল, তবে কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা এখনো বাকি। এ নিয়ে বিস্তারিত মন্তব্য করেনি হাসপাতাল কর্তৃপক্ষ।

রাজেশের খোঁজ নিতে নিয়মিত হাসপাতালে যাচ্ছেন পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় ও স্ত্রী সুদীপা চট্টোপাধ্যায়। অগ্নিদেবের ‘চোর’ ছবিতে কাজ করার সূত্রে তাদের ঘনিষ্ঠতা।

সুদীপা বলেন, ‘ভেবেছিলাম বিপদ কেটেছে। কিন্তু সুগার ওঠানামা করছে, অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে। বিকেলে রিপোর্ট আসবে, দেখা যাক।’

জানা গেছে, প্রভাসের একটি সিনেমার শুটিংয়ে রামুজি ফিল্ম সিটির জঙ্গলে ছিলেন রাজেশ। শটের ফাঁকে চা খেতে গেলে বিষাক্ত পোকামাকড় থাকতে পারে বলে তাকে সতর্ক করা হয়েছিল, কিন্তু তিনি গুরুত্ব দেননি। সেখানেই মাকড়সা কামড় দেয়, এরপর দ্রুত সংক্রমণ ছড়ায়। এখনো তার জ্বর ওঠানামা করছে।

ডায়াবেটিস থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন চিকিৎসক ও পরিবার। অভিনেতার বোন অন্য শহরে থাকলেও বৃদ্ধা মা হাসপাতালে তার পাশেই আছেন।