ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের সরকারকে ‘অসুস্থ’ বলেও মন্তব্য করেন তিনি।
ন্যাটো সম্মেলনে তুরস্কের আঙ্কারায় অবস্থানকালে বুধবার সাংবাদিকদের তিনি বলেন, ‘ইরানের সঙ্গে আমাদের যুদ্ধবিরতি শেষ। তারা হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে ইসলামাবাদ সমঝোতা চুক্তি লঙ্ঘন করেছে। ওই সরকারের নেতারা অসুস্থ ও নোংরা। এখন তাদের সঙ্গে শান্তি আলোচনা সময় নষ্ট।’
গত ১৮ জুন হওয়া ১৪ ধারার ওই চুক্তিতে বলা ছিল, ইরান হরমুজ থেকে অবরোধ তুলবে এবং বাণিজ্যিক জাহাজে বাধা দেবে না, বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানি তেলের রপ্তানি নিষেধাজ্ঞা ও বন্দর অবরোধ তুলবে। ৬০ দিনের জন্য এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা ছিল।
কিন্তু ৫ জুলাই তিনটি বিদেশি জাহাজ – কাতারের এমটি আল আল-রেকাইয়াত, সৌদির এমটি ওয়াদিয়ান ও লাইবেরিয়ার এমটি সাইপ্রাস প্রসপারিটিকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে আইআরজিসি।
এর জবাবে মঙ্গলবার ইরানের ৮০টি স্থাপনায় হামলা চালায় মার্কিন সেন্টকম এবং তেল রপ্তানি নিষেধাজ্ঞা ফের বহাল করে। সেন্টকম জানায়, আকাশ প্রতিরক্ষা, কমান্ড নেটওয়ার্ক, রাডার ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় নির্ভুল অস্ত্রে হামলা হয়েছে।
অন্যদিকে ইরান দাবি করেছে, তারাও কুয়েত ও বাহরাইনে মার্কিন বাহিনীর ৮৫টি স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে। সূত্র: ব্লুমবার্গ